মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ হিসেবে শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে শহিদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম আয়োজিত আলোচনাসভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান। আলোচনায় অন্যদের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন। আলোচনাসভা সঞ্চালনা করেন আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
মন্ত্রী বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বর, ২০০৪-এর ২১ আগস্ট এবং আহসান উল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। আহসান উল্লাহ মাস্টারের মতো নিবেদিতপ্রাণ নেতা যারা ছিলেন, স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সময় তাদের হত্যা করে। প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করার জন্য এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়।