অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে আত্মসমর্পণ করে জামিন চাইলে গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক এ এম এম রুহুল ইমরান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৭ অক্টোবর মীর নাছিরের ছেলে ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে পাঠিয়েছিল একই আদালত। গত সপ্তাহে তিন বছরের সাজাসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে তিনি জামিন পান। বৃহস্পতিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
অবৈধ সম্পদের মামলায় ২০০৭ সালের ৪ জুলাই মীর নাছিরকে ১৩ বছর এবং মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। আপিল বিভাগের নির্দেশে এ রায়ের বিরুদ্ধে তাদের করা আপিলের ওপর হাইকোর্টে পুনঃশুনানি হয়। গত বছরের ১৯ নভেম্বর বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ মীর নাছিরকে ১৩ বছর ও মীর হেলালকে ৩ বছর সাজা বহাল রাখে।