অপরিকল্পিত ভবন আর কাউকে করতে দেওয়া হবে না — স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নিয়মবহির্ভূত এবং অপরিকল্পিতভাবে আর কাউকে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। গতকাল রবিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ রিভিউয়ের লক্ষ্যে নবগঠিত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য, নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত, পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং ভূতাত্ত্বিক ও পরিবেশের বিষয় মাথায় রেখেই এখন থেকে নতুন ভবন নির্মাণ করতে হবে। সিটি করপোরেশনসহ যেসব প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি প্রয়োজন সেসব প্রতিষ্ঠানকে নিয়ে উপকমিটি গঠন করা হবে। এর আগে সভায় মো. তাজুল ইসলাম বলেন, ঢাকা নগরীকে বাসযোগ্য, মানবিক ও টেকসই নগরীতে পরিণত করতে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে।

সভায়, ভবনের উচ্চতা নির্ধারণের লক্ষ্যে স্টেকহোল্ডারদের মতামত জানতে ওয়েবসাইটে যে সময় দেওয়া ছিল করোনা সংকট এবং অন্যান্য বিষয় মাথায় রেখে তা আরো দুই মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়। এছাড়া প্রতি মাসে গঠিত কমিটির একটি করে সভা আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।