মিয়ানমারে করোনা ভাইরাসের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাদ দিয়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দিতে দেখা গেছে। তবে অনেকের মুখে মাস্ক ছিল না এবং শারীরিক দূরত্বও মানা হয়নি। নির্বাচন পর্যবেক্ষকরা আশা করছেন, দেশটির নেতা অং সান সু চির দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টিই জয় পাবে। আজ সোমবার ভোটের ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সামরিক শাসনের অবসানের পর এটা দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক নির্বাচন। রোহিঙ্গা ছাড়াও এবার রাখানি, শান, কাচিন ও কাইন, মন, চিন ও বাগো অঞ্চলের অনেকেই ভোট দিতে পারেননি। এসব অঞ্চলে ভোটার সংখ্যা প্রায় ১৫ লাখ। মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাং নির্বাচনী ফল মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন। এর আগে তিনি সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। -রয়টার্স