রাজশাহীর বাঘায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জাকির হোসেন নামে এক মাংস ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা এবং জবাইকৃত গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে বাঘা বাজারে অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘায় সরকার ঘোষিত মাংস নিয়ন্ত্রণ আইন অমান্য করে কতিপয় মাংস ব্যবসায়ী মাঝে মধ্যেই রাতের আঁধারে রোগাক্রান্ত গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রি করে আসছিল। সেই ধারাবাহিকতায় সোমবার ফজর নামাজের পূর্বে উপজেলার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের জমসেদ আলীর ছেলে জাকির হোসেন ওরুপে শিরল একটি রোগাক্রান্ত (গাই) গরু জবাই করে মাংস বিক্রি শুরু কের।
এদিকে এ খবর শুনে সেখানে উপস্থিত হন বাঘা থানা পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। অতঃপর মাংস ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করায় ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ জব্দকৃত মাংস মাটিতে পুতে ফেলার ব্যবস্থা করা হয়।
আরো পড়ুন: সিনিয়র অফিসার পালাতে বলেছিলো: এসআই আকবরের ভিডিও ভাইরাল
নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, গত এক মাস থেকে বাঘার হাটে পশু জবাই এর পূর্বে সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য একজন প্রাণিসম্পদ কর্মকর্তা এবং জবাই এর জন্য একজন মওলানা রাখা হয়েছে। বর্তমানে সকল ব্যবসায়ী সরকারি এ নির্দেশ মান্য করছেন। কিন্তু সোমবার জাকির হোসেন ওরফে শিরল নামে এক ব্যবসায়ী এ নিয়ম ভঙ্গ করে।
এ কারণে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ ধারায় তাকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়।
ইত্তেফাক/এএএম