দেশি স্বাদে

 

রোজ তিনবেলার খাবারে তরকারির বাটির প্রতি আমাদের আলাদা নজর থাকে। কারণ ভাত বা রুটির সাথে সুস্বাদু তরকারি হলে আহারে তৃপ্তি পাওয়া যায় ষোলআনা। তাই ভিন্ন স্বাদের তরকারির রেসিপি নিয়ে এবারের আয়োজন

মি ক্স ড  ভে জি টে ব ল

 

উপকরণ :ফুলকপি ১ কাপ, বাঁধা কপি ১ কাপ, শিম আধা কাপ, গাজর ১ কাপ, ব্রকলি আধা কাপ, ক্যাপসিকাম ১টা, আলু ১ কাপ, পেঁপে ১ কাপ, পেঁয়াজ ভাঁজ খোলা ৩টা, আদা বাটা ১ চা চামচ, মুরগির বুকের মাংস ১ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৫/৬টা, বাটার/তেল ৩ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ (উঁচু), টেস্টিং সল্ট আধা চা চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ।

 

প্রণালি :মুরগির বুকের মাংস গোলমরিচ গুঁড়া, সয়াসস দিয়ে মেখে রাখুন। এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিন। তারপর আদা বাটা দিয়ে নেড়ে কুচি করে কেটে রাখা মুরগির মাংস ঢেলে দিন। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিন। ৫ মিনিট পর টুকরো করে কেটে রাখা সবজি ধুয়ে ঢেলে মুরগির মাংসের সাথে মিশিয়ে পরিমাণমতো লবণ দিয়ে ঢেকে দিন। সবজি প্রায় সিদ্ধ হয়ে এলে ১ থেকে দেড় কাপ চিকেন স্টকে কর্নফ্লাওয়ার, চিনি ও টেস্টিং সল্টগুলো ঢেলে দিন। এবার কাঁচা মরিচ ফালি, লেবুর রস ও ১ চা চামচ বাটার দিয়ে ঘন হলে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে নিন।

 

মু গ ডা ল  ও  স ব জি র  চ চ্চ ড়ি

 

উপকরণ :ভাজা মুগডাল ২ কাপ, গাজর ফুলকপি, বাঁধাকপি, আলু, শিম, মুলা ১ কাপ করে, পেঁয়াজ কলি আধা কাপ, আদা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, আস্ত সরিষা আধা চা চামচ, আস্ত জিরা সিকি চা চামচ, শুকনা মরিচ ২টা, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

 

প্রণালি :ভাজা মুগডাল পানিতে ভিজিয়ে রাখুন। সব রকম সবজি চৌক করে কেটে নিন। এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিন। তারপর সরিষা, আস্ত জিরা ও শুকনা মরিচের ফোড়ন দিন। এবার জিরা গুঁড়া বাদে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে মসলা কষিয়ে মুগডাল দিন। এবার মুগডাল কষিয়ে আধা কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। ৭/৮ মিনিট পর কেটে রাখা সবজি ধুয়ে ঢেলে দিন। এবার নেড়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন অল্প আঁচে। সবজি ও ডাল সিদ্ধ হয়ে এলে জিরার গুঁড়া দিয়ে ৩/৪ মিনিট পর মাখা মাখা হলে নামিয়ে নিন। রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

পা ল ং  চি ং ড়ি

 

উপকরণ :পালং শাক ১ কেজি, চিংড়ি ১ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ফালি ৪/৫টি, তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

 

প্রণালি :পালং শাকের গোড়া কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মোটা কুচি করে কেটে নিন। চিংড়ি খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিন। বাদামি হলে পেঁয়াজ বাটা ও সব গুঁড়া মসলা দিয়ে মসলা কসিয়ে নিন সামান্য একটু পানি দিয়ে। এবার চিংড়ি ও লবণ দিয়ে কষিয়ে নিন। এবার পালং শাক ঢেলে নেড়েচেড়ে ঢেলে দিন। শাকের পানি প্রায় শুকিয়ে এলে কাঁচা মরিচের ফালি দিন। এবার মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে দিন।