নতুন করোনা ভাইরাস মহামারির মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটির ঘর ছাড়িয়ে গেছে।
রয়টার্স জানিয়েছে, সংক্রমণের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র জুড়ে। গত রবিবার পুরো বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটিতে পৌঁছানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ১ কোটি পেরিয়ে গেছে। প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যে গত ১০ দিনেই সেখানে ১০ লাখের বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে।
২৯৩ দিন আগে ওয়াশিংটন রাজ্যে যুক্তরাষ্ট্রের প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এখনই আক্রান্তের হার সবচেয়ে বেশি। শনিবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩১ হাজার ৪২০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, যা এক দিনে সর্বোচ্চ। গত সাত দিনের মধ্যে পাঁচ দিনই সেখানে লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। সাত দিনের গড় হিসাব করলে যুক্তরাষ্ট্রে প্রতিদিন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১ লাখ ৫ হাজার ৬০০, যা আগের সপ্তাহের চেয়ে ২৯ শতাংশ বেশি। এই সংখ্যা এশিয়া ও ইউরোপের সবচেয়ে বেশি বেকায়দায় থাকা দুই দেশ ভারত ও ফ্রান্সের সাত দিনের গড়ের যোগফলের চেয়েও বেশি।