হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা উপজেলায় স্বাস্থ্য খাতে নানা অভিযোগের পরিপ্রক্ষিতে ক্লিনিক ও ওষুধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন চিকিত্সা কার্যক্রম পরিচালনা ও ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির অপরাধে উপজেলার দুলালপুর বাজারের দুটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার রাতে থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে এই অভিযান পরিচালনা করেন। রেজিস্ট্রেশনবিহীন চিকিত্সা কার্যক্রম পরিচালনার দায়ে রোকেয়া ডেন্টাল কেয়ারকে ২০ হাজার ও ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মামুন মেডিক্যাল হলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।