ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের বরাটিয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি গ্রামীণ সড়ক ব্যক্তিগত উদ্যোগে মেরামত করা হয়েছে। গ্রামীণ হলেও সড়কটি বেশ ব্যস্ত ও গুরুত্বপূর্ণ। সূতিপাড়া, বাটুলিয়া, কালামপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী এ সড়কটির গুরুত্ব ও এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে তাদের যাতায়াতের সুবিধার্থে কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সূতিপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. রবিউল করিম রুবেল সড়কটি মেরামতের উদ্যোগ নেন। উদ্যোক্তা ও চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম জানান, এলাকাবাসীর অসুবিধার কথা ভেবে তিনি সড়কটি মেরামত করেছেন। এর আগে এমনিভাবে ব্যক্তিগত উদ্যোগে আরো কয়েকটি সড়ক মেরামত করে দিয়েছেন বলে জানান তিনি।