সাধারণ বীমার ২৬ কোটি টাকা আত্মসাত্
ইত্তেফাক রিপোর্ট
জালিয়াতির মাধ্যমে ডকুমেন্টস তৈরি করে বীমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বীমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখাপ্রধান মো. আবুল কাশেমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মো. আবুল কাশেম বর্তমানে অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত। গতকাল ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা ডকুমেন্টস আসল হিসেবে ব্যবহার করে ব্যাংক হিসাব খোলেন। পরে হিসাবে বীমা প্রিমিয়ামের টাকা জমা করে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা নগদ উত্তোলন ও বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাত্ করেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।