ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, শহিদ নূর হোসেন ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাইল ফলক। গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় নূর হোসেনের আত্মত্যাগ আন্দোলন সংগ্রামে নতুন প্রাণের সৃষ্টি করে । শহিদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় আমির হোসেন আমু ১৯৮৭ সালের ১০ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচিতে যুবলীগ কর্মী নূর হোসেন, নুরুল হুদা বাবুলসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাদের এই অবদান ইতিহাস হয়ে থাকবে। ঐদিনের স্মৃতিচারণ করে আমির হোসেন আমু বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দেশে ফিরে আসার পর তিনি ঘোষণা দিয়েছিলেন , স্বৈরশাসকের অবসান ঘটিয়ে গণতন্ত্র কায়েম করতে হবে । সেই লক্ষ্যে তার নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছিল।
আমির হোসেন আমু বলেন, আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ১৯৮৭ সালের ১০ নভেম্বর সারা দেশে ছিল অবরোধের কর্মসূচি। স্বৈরাচার পতনের কর্মসূচি। অবরোধের অংশ হিসেবে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্ল্লোগান লিখে মিছিলে যোগ দিয়েছিলেন যুবলীগ কর্মী নূর হোসেন।