ইত্তেফাক রিপোর্ট
কাতারের দোহায় এক বাংলাদেশিকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার পর পালিয়ে দেশে আসার ছয় বছর পর ধরা পড়েছে আসামি। পলাতক সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম রাশেদুল হক ওরফে রশিদুল ইসলাম (৩০)। গত শনিবার রাতে সিআইডি অভিযান চালিয়ে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ২০১৪ সালের ৯ জানুয়ারি দোহায় আব্দুর রাজ্জাক নামে এক প্রবাসী বাংলাদেশিকে হত্যা করেন তিনি। এ ঘটনায় ২০১৬ সালের মার্চে কাতারের একটি আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়।
গতকাল সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা জেলার দোহার থানার একটি মামলার সূত্র ধরে গত শনিবার রাশেদুলকে গ্রেফতার করে ঢাকা জেলা সিআইডি। দেশে আসার পর বিভিন্ন জেলায় পালিয়ে থেকে ঘাতক রাশেদুল নিহত রাজ্জাকের পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এ ঘটনায় রাজ্জাকের বাবা দোহার থানায় একটি মামলা দায়ের করেন। আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডের ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নাগরিক ছাড়াও তাদের সহযোগী এক নেপালি নাগরিককে ফাঁসির আদেশ দেয় দোহার আদালত। রাশেদুলের বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায়। তার বাবার নাম মৃত আয়ুব আলী।