বদির ভাইসহ আরো ২১ ইয়াবা কারবারি জামিনে মুক্ত

কক্সবাজারে টেকনাফে আত্মস্বীকৃত ও আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা কারবারির মধ্যে আরো ২১ শীর্ষ ইয়াবা কারবারি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার তারা কারাগার থেকে বেরিয়ে বাসায় গেছেন। এদের মধ্যে সাবেক এমপি আবদুর রহমান বদির দুই ভাই আবদুর শুক্কুর ও আমিনুর রহমান ওরফে আবদুল আমিনসহ আট স্বজন রয়েছেন। আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জামিনের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৩ নভেম্বর কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে আরো পাঁচ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে যান। আত্মসমর্পণকালীন দায়ের করা মামলার এজাহারর্ভুক্ত ১ ও ২ নম্বর আসামিও মুক্ত হয়েছেন।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ারা হলেন আবদুর শুক্কুর ও আমিনুর রহমান ওরফে আবদুল আমিন, মো. শাহেদ রহমান নিপু, ফয়সাল রহমান, মারুফ বিন খলিল, রেজাউল করিম মেম্বার, মো. হাবিবুর রহমান হাবিব, শামসুল আলম, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ আলম, মো. জুহুর আলম, বোরহান উদ্দিন, নুর মোহাম্মদ, শফিকুল ইসলাম, কামরুল হাসান রাসেল, মং অং থেইন, শামসুল আলম শামূম, নুরুল বশর কাউন্সিলর, হোছাইন আহমদ, মোহাম্মদ আয়ুব।

এর আগে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় ফিরেছেন, নুরুল হুদা মেম্বার, নুরুল কবির, মোহাম্মদ ইউনুস, মাহবুব আলম ও মঞ্জুর আলী। এ নিয়ে আত্মসমর্পণকৃত মোট ২৬ জন আসামি জামিনে এলাকায় ফিরেছেন।

এদিকে, কারাগারে থাকা একই মামলায় আরো ৪৭ জন আসামি গতকাল জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার পরবর্তী ধার্য দিন আগামী ২২ নভেম্বর এই জামিন আবেদন সমূহ শুনানির জন্য রেখেছেন।