লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার তিন মামলার মধ্যে দুই মামলার ১ নম্বর আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসি বেগমের আমলি আদালতে হাজির করে হোসেন আলীকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করে।
একইদিন গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আরো দুই জনকে গ্রেফতার করেছে। তারা হলেন বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রবিউল ইসলাম (৪৯) ও শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে সুজন (২১)। এদের জুয়েল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ পর্যন্ত ১০ দফায় মোট ৩১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) ওমর ফারুক রিমান্ড ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর বুড়িমারী কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষে মানসিক অসুস্থ রংপুরের আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলের বিরুদ্ধে ‘কোরআন অবমাননার’ গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেয় এলাকাবাসী।