ওসমানীনগরে শতবর্ষী রাস্তায় চলাচলে বাধা থানায় মামলা

ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি শতবর্ষী রাস্তায় জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে এক প্রভাবশালী পরিবার। এতে ঐ এলাকার পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

জানা যায়, দয়ামীর রাইকদাড়া (ওয়ারিছ আলীর বাড়ি থেকে)-দয়ামীর-রুকনপুর রাস্তার জালোপাড়া (কাজী সাদ উদ্দিনের বাড়ি পর্যন্ত) প্রায় ১ হাজার ৫০০ ফুট দৈর্ঘ্যের এ রাস্তা দিয়ে শত শত বছর ধরে ঘোষগাঁও, গাঙ্গপার, ইসলামপুর, কাপালীপাড়া ও রাইকদাড়া গ্রামের মানুষ চলাচল করছেন। এলাকার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ রাস্তা ব্যবহার করেন। ২০০৫ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ রাস্তার কিছু অংশে ইট বিছানো হয়। কিন্তু প্রায় এক বছর ধরে এ রাস্তাটি বন্ধ করে দিতে উদ্যোগী হয় স্থানীয় প্রভাবশালী পরিবার। রাইকদাড়া গ্রামের কাজী শাদ উদ্দিন, কাজী আব্দুস সামাদ, কাজী সাইদ উদ্দিন, কাজী সায়েম উদ্দিন রাস্তাটির ১৫-২০ ফুট তাদের পারিবারিক জমি দাবি করে মানুষের চলাচলে আপত্তি জানান। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। সম্প্রতি রাস্তা খুঁড়ে প্রভাবশালী পরিবারটি গাছ লাগানোর উদ্যোগ নিলে গ্রামবাসী বাধা দেয়। এতে শাদ উদ্দিনরা গ্রামবাসীকে হুমকি দিলে গত ৩০ অক্টোবর আব্দুল হান্নান ওসমানীনগর থানায় অভিযোগ দেন। এসআই নিখিল চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে চার জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন। তার পরও রাস্তা দিয়ে কেউ চলাচল করলে অশালীন ভাষায় গালাগালসহ নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।