মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়ার বিবাহ কী প্রক্রিয়ায় হয়েছে সেটি কারো অজানা নয়; কিন্তু সেই মেলানিয়াই এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে ছাড়তে যাচ্ছেন—এমন খবর প্রকাশ হতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে মেলানিয়ার শারীরিক অঙ্গভঙ্গিই বলে দিয়েছে তাদের মধ্যকার সম্পর্কটা কতটা ঠুনকো হয়ে পড়েছে।
ব্রিটেনের পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে, মেলানিয়া এখন দিন গুনছেন কবে তিনি ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ডিভোর্স দেবেন। কারণ অনেক মেয়ের সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্কের খবর মেলানিয়াকে ক্ষুব্ধ করেছে। যদিও ট্রাম্প প্রেসিডেন্ট থাকায় তিনি নিশ্চুপ থেকেছেন। মেলানিয়ার সাবেক সহযোগী ওমারোসা ম্যানিগট নিউম্যান এসব তথ্য জানিয়েছেন। ২০১৭ সালে শপথ নেওয়ার পর ট্রাম্প শপথ নিয়ে নিউ ইয়র্ক থেকে হোয়াইট হাউজে এসেছিলেন; কিন্তু মেলানিয়া আসেননি। তখন তিনি বলেছিলেন, ব্যারন ট্রাম্পের শিক্ষা জীবনে যাতে এই স্থানান্তর কোনো ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্য তিনি দেরি করেছেন; কিন্তু জানা গেছে, ট্রাম্পের জয়ের পর মেলানিয়া অনেক কেঁদেছিলেন। কারণ মেলানিয়া চাননি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফার্স্ট লেডি হলেও মেলানিয়া অনেক অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে যাননি। এমনকি তার সঙ্গে হাতও মেলাননি। স্বামীর নির্বাচনি প্রচারণায় খুব একটা দেখা যায়নি মেলানিয়াকে; কিন্তু সমস্যা হচ্ছে, চুক্তি অনুযায়ী মেলানিয়া ট্রাম্পের ব্যক্তিগত কোনো তথ্য সাক্ষাত্কার কিংবা বই প্রকাশের মাধ্যমে প্রকাশ করতে পারবেন না।