নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন ৯০ শতাংশেরও বেশি মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা দিতে সক্ষম বলে দাবি করেছে ফাইজার ও বায়োএনটেক। তৃতীয় ধাপের গবেষণার প্রাথমিক বিশ্লেষণে এমন প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তারা। এ মাসের শেষ দিক থেকে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য এফডিএর জরুরি অনুমোদন পেতে আবেদনের পরিকল্পনা করছে ওষুধ কোম্পানিগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান এ সংবাদ জানিয়েছে।
যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক এই ছয় দেশের ৪৩ হাজার ৫০০ মানুষের ওপর ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হয়েছে। দেখা গেছে, ভ্যাকসিনটির দ্বিতীয় ডোজ নেওয়ার সাতদিন পর ৯০ শতাংশের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত হয়েছে। যাদের আগে কখনো করোনা সংক্রমণ হয়নি, এমন মানুষের ওপর চালানো এ পরীক্ষায় দেখা গেছে যে টিকা দেওয়ার পর শরীরে করোনা ভাইরাস প্রবেশ করলেও তাদের কোভিড-১৯ হয়নি? একে বিজ্ঞান ও মানবতার জন্য ‘এক মহাদিন’ বলে উল্লেখ করেছে ভ্যাকসিনের প্রস্তুতকারক প্রতিষ্ঠান দুটি।
এই ভ্যাকসিন নিয়ে বিশ্লেষকেরা যে আশা প্রকাশ করেছিলেন, তারচেয়ে ভালো পারফরমেন্স পাওয়া গেছে। নিয়ন্ত্রণ সংস্থাগুলোর ঘোষণা অনুযায়ী, কোনো ভ্যাকসিনের কার্যকারিতা ৫০ শতাংশ হলেই সেটির অনুমোদন দিয়ে দেওয়া হবে। ফলে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনটি অনুমোদন পাওয়া অনেকটা নিশ্চিত।
ফাইজার চেয়ারম্যান ও নির্বাহী প্রধান আলবার্ট বোরলা বলেন, আজকে বিজ্ঞান এবং মানবতার জন্য মহান একটি দিন। তৃতীয় পর্যায়ে ট্রায়ালে আমাদের টিকাটি করোনা প্রতিরোধী হিসেবে প্রাথমিক তথ্য উপাত্ত পাওয়া গেছে।