যাত্রীর সংকটে বিপর্যস্ত বিমানের ফ্লাইট চলাচল

বৈশ্বিক মহামারি করোনার ধাক্কা সামলে উঠতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিমান সংস্থাগুলো। ঢাকায় যাত্রীর অভাবে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে হরহামেশা। যাত্রীর সংকটে বিপর্যয়ের মুখে পড়েছে বিমান চলাচল। চালুর পর কোনো কোনো ফ্লাইট আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির কারণ হিসেবে সিভিল এভিয়েশনের এক জন কর্মকর্তা জানান, ফ্লাইটে চড়তে গেলে এবং গন্তব্যে নামার পর মানতে হয় একগাদা শর্ত। ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টা আগের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট, গন্তব্যে পৌঁছানোর পর নিজ খরচে ১৪ দিন বা তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, ফ্লাইটের ভাড়া বৃদ্ধি প্রভৃতি ভ্রমণে অন্তরায় সৃষ্টি করছে বেশির ভাগ যাত্রীর জন্য।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ বলেন, ফ্লাইটে ওঠার আগে ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করাতে হবে। বাংলাদেশি যাত্রীদের সরকার-নির্ধারিত করোনা শনাক্ত কেন্দ্র থেকে শুধু কোভিড নেগেটিভ সনদ থাকলেই হবে না, বিমানবন্দরে কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে তাকে ফ্লাইটে যেতে দেওয়া হচ্ছে না।

যাত্রী না পেয়ে গতকাল সোমবার ঢাকা-কলকাতা রুটে উড়োজাহাজ চলাচল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বিমান। করোনা মহামারিতে দীর্ঘ প্রায় আট মাস বন্ধের পর নতুন করে ফ্লাইট চালুর এক সপ্তাহ পরই আবার তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো। বিমানের এক কর্মকর্তা জানান, যাত্রীর অভাব, ভারতীয় হাইকমিশন থেকে যাত্রীদের কম ভিসা দেওয়া, যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের কারণে ফ্লাইট স্থগিত হয়েছে।

বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, যাত্রীর সংকটের কারণে ১২ নভেম্বর থেকে বিমান কলকাতায় কোনো ফ্লাইট পরিচালনা করবে না। আর ১৫ নভেম্বর থেকে ঢাকা-চেন্নাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার কথা থাকলেও সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ভারতের অনুরোধে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় দিল্লি, কলকাতা ও চেন্নাই রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল বিমান। সে অনুযায়ী ২৯ অক্টোবর ঢাকা-দিল্লি-ঢাকা এবং ১ নভেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বিমান যাত্রী পরিবহন শুরু করে। এরপর ১৫ নভেম্বর থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা ফ্লাইট চালুর কথা ছিল। একটি সূত্র জানায়, যে কোনো সময় বিমানের দিল্লি ফ্লাইটও স্থগিতের ঘোষণা আসতে পারে।