শহিদ আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন পালন

গাজীপুরের জনপ্রিয় শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকার আহসান উল্লাহ মাস্টারের মাজারে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন।

দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তার পিতা শহিদ আহসান উল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন,  জাতীয়  ক্রীড়া পরিষদের সচিব মাকসুদ করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মিসেস মাসুদা আকন্দসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ নেতা-কর্মীরা কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শহিদ আহ্সান উল্লাহ মাস্টার হল প্রাঙ্গণে স্থাপিত মরহুমের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. খোরশেদ আলম ভূঁঞা, প্রক্টর ড. মো. আরিফুর রহমান খান, হল প্রভোস্ট প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, প্রফেসর ড. ইমরুল কায়েস, ড. ফারহানা হক, ড. রায়হানুর জান্নাত, ড. সোহানা পারভিনসহ হলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।