আইপিএল নিয়ে জুয়া, ৯ জন গ্রেফতার

ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ভারতীয় প্রিমিয়ার লিগ-আইপিএল নিয়ে জুয়া খেলার অভিযোগে গত রবিবার রাতে ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন হেলাল, হাফিজুর রহমান, রুবেল মিয়া, হিরা, আবুল কালাম ওরফে আজাদ, পারভেজ, বাহারুল, রনি মিয়া ও আজিজ ওরফে সবুজ।

র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পশ্চিম বাইপাইল এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে একটি টিভি মনিটর, জুয়া খেলার কাজে ব্যবহূত প্লেয়িং কার্ড, টালি খাতা, ৯টি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, স্থানীয়রা জানায়, কিছু অসাধু লোক দীর্ঘদিন ধরে আইপিএলভিত্তিক অনলাইন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। গ্রেফতারকৃতরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।