দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের আপিল হাইকোর্টে পুনঃশুনানির জন্য আবেদন জানিয়েছে দুদক। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল সোমবার এ আবেদন জানায় দুদক।
এ সময় দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, কার্যতালিকায় আসলে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল হাজি সেলিমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। ঐ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট বিশেষ আদালতের সাজা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। ঐ আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করে হাজি সেলিমের আপিল পুনঃশুনানির জন্য পক্ষদ্বয়কে নির্দেশ দেয়।