নতুন পরিচয়ে তারা...

কবরী ও সাবিনা ইয়াসমিন। এদেশের চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তী তারা। একজন অভিনয় দিয়ে ভক্তদের মনে আজীবনের জায়গা করে নিয়েছেন, অন্যজন তার গান দিয়ে। একসঙ্গে খবরে অনেকবার এলেও এবারের প্রসঙ্গটা নতুন।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করছেন কবরী। এখন তিনি নির্মাণ করছেন ‘এই তুমি সেই তুমি’ শিরোনামে একটি সিনেমা। পাশাপাশি অভিনয়ও করছেন সিনেমাতে। তবে এর বাইরেও নতুন একটি কাজ করলেন কবরী। নিজের সিনেমার জন্য গান লিখে গীতিকারের খাতাতেও নাম লেখালেন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। আর সেই গানের সুর ও সংগীত করলেন সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক গান তার কণ্ঠে শোনা গেলেও এবার তিনি আড়ালের কাজটি করলেন। এটিও তার ক্যারিয়ারের নতুন পরিচয়। আর এই গানে কণ্ঠ দিলেন ইমরান ও কোনাল। সম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। কবরী বলেন, ‘গান লেখার অভিজ্ঞতাটা এই প্রথম। তবে গানের সঙ্গে সম্পৃক্ততা তো ক্যারিয়ারের শুরু থেকে সিনেমার মাধ্যমে। অসংখ্য গানের ঠোঁট মিলিয়েছি। সেই অভিজ্ঞতাটা কাজে লেগেছে। আর সাবিনা ইয়াসমিনের মতো গুণী মানুষ যখন সেই কথাগুলোতে সুর বসালেন তখন তা সুন্দর এক রূপ নিলো, যা আগে ভাবিনি। ইমরান ও কোনালও বেশ গেয়েছে। বাকিটা শ্রোতারা বলতে পারবেন।’

সাবিনা ইয়াসমিন বলেন, ‘যেহেতু গানের মানুষ আমি তাই সুর-সংগীতের কাজটি প্রথম হলেও আত্মবিশ্বাস ছিল। কবরী যখন বললেন সেই ভরসা থেকেই কাজটি করেছি। সিনেমার ৪টি গানের সুর-সংগীত করেছি। ইমরান ও কোনাল ভালো গেয়েছে।’

প্রসঙ্গত, কবরী নির্মিত ‘এই তুমি সেই তুমি’ সরকারি অনুদানের একটি সিনেমা। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই। যেখানে অভিনয় করছেন ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রথম রানারআপ সালওয়া। সঙ্গে রয়েছেন নায়ক হিসেবে রিয়াদ রায়হান।

ইত্তেফাক/কেকে