‘লালজমিন’-এর ২৫০তম মঞ্চায়ন

বিনোদন রিপোর্ট

 

‘লালজমিন’ নাটক এখন ২৫০তম মঞ্চায়নের অপেক্ষায়। এই মঞ্চায়নটি হচ্ছে আজ গাইবান্ধায় পুলিশ লাইনে। আগামীকাল একই জেলায় নাটকটির ২৫১তম প্রদর্শনী হবে গাইবান্ধা থিয়েটারের আয়োজনে। মান্নান হীরা রচিত এবং সুদীপ চক্রবর্তী নির্দেশিত ‘লালজমিন’ নাটকটিতে একক অভিনয় করেন মোমেনা চৌধুরী। ২০১১ সালের ১৯ মে নাটমণ্ডলে ‘লালজমিন’ নাটকটি প্রথম মঞ্চায়ন হয়। সেই থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ও বিদেশের মাটিতে একের পর এক নাটকটির মঞ্চায়ন হয়ে আসছে। ‘লালজমিন’ নাটকের গল্প মুক্তিযুদ্ধের একটি খণ্ডচিত্রের বয়ান। মহান মুক্তিযুদ্ধে একজন কিশোরীর অংশগ্রহণ, গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ, সবশেষে স্বাধীনতা অর্জন দর্শকদের এক নতুন অভিজ্ঞতার সম্মুখে দাঁড় করিয়ে দেয় ‘লালজমিন’।