বাউফলে নদীভাঙন

বিলীন হচ্ছে বসতঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান

আমিরুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। ভাটির টানে সম্প্রতি ভাঙনে শতাধিক পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন হুমকিতে আছে ফসলি জমি ও রাস্তাঘাট।

গত রবিবার সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন সময় ভাঙনে কয়েক শ হেক্টর আবাদি জমি, বসতবাড়ি, ঈদগা মাঠ, বৈদ্যুতিক খাম্বাসহ বহু গাছগাছালি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কাছিপাড়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত তিনটি সরকারি প্রাইমারি স্কুল ও একটি কমিউনিটি ক্লিনিক হুমকিতে আছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে কারখানা নদীর ভাঙন দেখা দেয়।

কাছিপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হাওলাদার বলেন, ‘আমার ১ নম্বর ওয়ার্ডের প্রায় ৪০-৫০টি পরিবার নদীর ভাঙনে নিঃস্ব হয়ে গেছে। বিলীন হয়ে গেছে তাদের ফসলি জমি। পশ্চিম-কাছিপাড়ার আকনবাড়ি ও খানবাড়ি কারখানা নদীতে বিলীন হয়েছে। স্থানীয়রা কারখানা নদীর ভয়াবহ ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন  বলেন, বিষয়টি  জানতে পেরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছি। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘সরকার ভাঙনরোধে ব্যাপক কাজ করছে। বাউফলেও কাজ হচ্ছে। খুব শিগিগর ঐ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের কবল থেকে রক্ষা করার প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে কাছিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, নদীভাঙন রোধে অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।