ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতী সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে আবারও শুরু হয়েছে বন্যহাতির তাণ্ডব। খেতের ধান পাকার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বন্যহাতির তাণ্ডব। ফলে বর্তমানে ঘুমহীন রাত কাটাতে হচ্ছে কৃষকদের। গ্রামগুলো হচ্ছে তাওয়াকোচা, গুরুচরনদুধনই, পানবর, ছোটগজনী, বাকাকুড়া, বড়গজনী, গান্দিগাঁও, হাল চাটি, নওকুচি, রাংটিয়া গোমড়া, সন্ধ্যাকুড়া ও গারোকুনা।
স্থানীয়রা জানান, বন্যহাতির কবল থেকে জানমাল ও খেতের ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা। তাওয়াকোচা গ্রামের ইউপি সদস্য হযরত আলী, নওকুচি গ্রামের গোলাপ হোসেন, আব্দুর রশিদ, হালচাটি গ্রামের সুরেন্দ্র কোচসহ অনেকেই জানান, খেতের ধান পাকার সঙ্গে সঙ্গে বন্যহাতির তাণ্ডব বেড়ে যায়। উপজেলার কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল হক জানান, বর্তমানে তার ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রায় প্রতিরাতেই হানা দিচ্ছে বন্যহাতির দল। খেতের পাকা ধান খেয়ে দুমড়েমুচড়ে সাবাড় করে দিচ্ছে। ফলে এলাকার কৃষকদের চোখে এখন ঘুম নেই। বিপর্যস্ত হয়ে পড়েছেন পাহাড়ি গ্রামবাসী। রাত কাটছে হাতি আতঙ্কে।