মুনাফা করেও লভ্যাংশ দেবে না শমরিতা হাসপাতাল

ইত্তেফাক রিপোর্ট

মুনাফা করলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতালের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের ব্যবসায় শমরিতা হাসপাতাল শেয়ারপ্রতি ১৭ পয়সা মুনাফা করেছে। তবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।