করোনা আক্রান্ত মুমিনুল ও তার স্ত্রী

স্পোর্টস রিপোর্টার

মোবাইলফোনের ওপ্রান্তে বেশ সাবলীলই মনে হয়েছে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হককে। গতকাল জানিয়েছেন, দুই দিন ধরে কিছুটা জ্বরে ভুগেছেন। সন্দেহ হওয়ায় গত সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরে রিপোর্টে জানা গেল, কোভিড-১৯ পজিটিভ মুমিনুল। সঙ্গে তার স্ত্রীও করোনা আক্রান্ত। পজিটিভ রিপোর্ট পেয়ে দুই জনই এখন নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন।

গতকাল মুমিনুল বলেছেন, বড় কোনো উপসর্গ নেই মুমিনুলের। জ্বর হয়েছে। এখনো কিছুটা আছে। এছাড়া কাশি, গলা ব্যথা এ ধরনের কোনো উপসর্গ নেই।

গতকাল মুমিনুল বলেন, ‘আমি ও আমার স্ত্রী করোনা পজিটিভ। আমরা গতকালই (সোমবার) জানতে পেরেছি। এখন আইসোলেশনে আছি। আমার জ্বর হয়েছিল গতকাল (সোমবার)। এখনো কিছুটা আছে। তবে মাত্রা খুবই কম। সবার কাছে দোয়া প্রার্থী।’

বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মুমিনুল করোনা পজিটিভ। তার মৃদু উপসর্গ আছে।’

করোনায় আক্রান্ত হলেও বঙ্গবন্ধু টি-২০ কাপ খেলার আশা ছাড়েননি মুমিনুল। সুস্থ হতেই আবার অনুশীলনে ফিরবেন তিনি। এর আগে করোনা আক্রান্ত হয়ে পিএসএলে খেলতে যেতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ।