আবার বিগ ব্যাশে স্টার্ক

শেষ খেলেছিলেন ২০১৪-১৫ মৌসুমে। এরপর বিগ ব্যাশে আর খেলেননি মিচেল স্টার্ক। ছয় বছর পর আবারও অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিরতে যাচ্ছেন বাঁহাতি এই পেসার।

টুর্নামেন্টের শুরুর চার আসরে সিডনি সিক্সার্সের হয়ে খেলা স্টার্ক এবারও খেলবেন দলটির হয়ে। সোমবার এক বিবৃতিতে স্টার্কের সঙ্গে চুক্তি করার কথা জানায় তারা। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য স্টার্ককে আসরের প্রথমভাগে পাচ্ছে না সিক্সার্স। লিগ পর্যায়ের শেষ তিন ম্যাচে খেলবেন তিনি। দল পরের ধাপে উঠলে খেলবেন সেখানেও। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের দশম আসর।