বিবিসি
ঘুষের বিনিময়ে সরকারি কাজ নির্দিষ্ট একটি সংস্থাকে দেওয়ার অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা দেশটির পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন। মঙ্গলবার পেরুর এ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পক্ষে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন। ভিজকারা বলেছেন, তিনি সংসদ সদস্যদের ভোটের রায় মেনে নেবেন এবং এর বিরুদ্ধে কোনো ধরনের আইনিব্যবস্থা গ্রহণ করবেন না। শিগিগরই প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি। সোমবার দেশটির পার্লামেন্টের ১০৫ সদস্য প্রেসিডেন্ট ভিজকারাকে অভিশংসনের পক্ষে ভোট দেন। এছাড়া বিপক্ষে ভোট দেন পার্লামেন্টের মাত্র ১৯ জন সদস্য। ভোট দেওয়া থেকে বিরত থাকেন চার জন।
প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ায় কংগ্রেসের স্পিকার ম্যানুয়েল মেরিনো তার স্থলাভিষিক্ত হবেন। প্রেসিডেন্ট ভিজকারার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী জুলাইয়ে। প্রেসিডেন্টের দুর্নীতি ঘিরে গত কয়েক মাস ধরে পেরুতে রাজনৈতিক সংকট চলছে। গত দুই মাসে প্রেসিডেন্ট ভিজকারাকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টে অন্তত দু্্ইবার উদ্যোগ নেওয়া হয়।