রাজধানীর ৪২ রুটে ২২ কোম্পানি দিয়ে বাস চালানোর চিন্তা

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ২৯১ থেকে রুট সংখ্যা কমিয়ে ৪২-এ আনার কাজ চলছে। আর এসব রুটে ২ হাজার ৫০০ বাস মালিকের সমন্বয়ে ২২ কোম্পানির অধীনে চলাচল করবে নির্ধারিত বাস। পাশাপাশি রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা বাসগুলোকে নগরের বাইরে করা টার্মিনালে অবস্থান করতে হবে। এতে যানজট কমবে।

গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে ‘গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন’ কমিটির ১৩তম সভায় এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৈঠকে উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে সংযুক্ত থেকে তার মতামত তুলে ধরেন।

মেয়র তাপস বলেন, আমরা মালিক-শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ২৯১টি রুট থেকে কমিয়ে ৪২টি রুটে আনার প্রস্তাব করেছি। যেখানে ঢাকায় চলাচলরত সাড়ে ৪ হাজার গাড়ির ২ হাজার ৫০০ মালিককে ২২টি কোম্পানির অধীনে আনা হবে। এছাড়া আমরা ঢাকায় ১০টি টার্মিনালের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণ করেছি। কয়টি টার্মিনাল হবে তার প্রস্তাব আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।

সভায় উপস্থিত ছিলেন ডিএমপি পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. এহসানে এলাহী, রাজউক চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, বাসরুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব ও ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দীন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রমুখ।