গণতন্ত্র কি মুক্তি পেয়েছে ?

গতকাল ১০ নভেম্বর ছিল ‘শহিদ নূর হোসেন দিবস’। এরশাদবিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ নভেম্বর শহিদ হওয়া নূর হোসেনের স্মরণে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো প্রতি বছর দিনটিকে ‘শহিদ নূর হোসেন দিবস’ হিসেবে পালন করে। তবে জাতীয় পার্টি (জাপা) প্রতি বছরের মতো এবারও দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করেছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার জাপা আয়োজিত এক আলোচনাসভায় দলটির চেয়ারম্যান ও প্রয়াত এরশাদের সহোদর জি এম কাদের প্রশ্ন রেখে বলেছেন, ‘গণতন্ত্র কি মুক্তি পেয়েছে? নাকি সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে স্বৈরতন্ত্র নিপাত যাক না হয়ে স্বৈরতন্ত্র মুক্তি পাক ও গণতন্ত্র নিপাত যাক হয়ে দাঁড়িয়েছে কি না?’

রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান তার কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে বলেন, যে আশা নিয়ে নূর হোসেন আত্মদান করেছে, সেই প্রত্যাশা পূরণ হয়নি। নূর হোসেন হয়তো চেয়েছিলেন এরশাদের শাসনামলের গণতন্ত্রের চেয়ে আরো ভালো গণতন্ত্র পাবে দেশ; এই আশায় বুকে ও পিঠে লিখেছিল—‘স্বৈরতন্ত্র নিপাক যাক, গণতন্ত্র মুক্তি পাক’।

সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, গণতন্ত্র আজ সোনার হরিণ। গণতন্ত্র আজ খাঁচায় বন্দি। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া।