শুভ্র হত্যায় আরো দুই আসামি গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরো দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তারা হলেন—পূর্ব কাউরাট গ্রামের মো. আইনুল হকের ছেলে শরিয়ত উল্লাহ সুমন ও পশ্চিম কাউরাট গ্রামে মৃত লাল মিয়ার ছেলে কামাল হোসেন। এ নিয়ে এই মামলায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শুভ্র হত্যাকাণ্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি উঠেছে এবং দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এর আগে গ্রেফতার করা হয় প্রধান আসামি উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম-আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামের চান মিয়ার ছেলে রাসেল মিয়া, ইউনুছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও আবদুল খালেকের ছেলে মজিবুর রহমান, মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাটের মৃত লাল মিয়ার ছেলে খায়রুল ও কামাল হোসেন। তারা সবাই জেল রয়েছেন।