যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে ইসিকে শিক্ষা নেওয়ার আহ্বান বিএনপির

বাংলাদেশের সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সরকার বৈধ নয়, তারা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে, গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধ্বংস করে ফেলেছে।’

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা তুলে ধরে গতকাল মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত আওয়ামী লীগের এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের—যে নির্বাচন কমিশন কাকে বলে?’

সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল আরো বলেন, ‘আপনারা তো অন্ধকারে আছেন। দেখতে পারছেন না আপনার চারদিকে কী অবস্থা, মানুষের মধ্যে কী চলছে, তাদের চোখের ভাষা আপনারা পড়তে পারছেন না, দেওয়ালের লিখন আপনারা দেখতে পারছেন না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে ধানের শিষের উপনির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব সাইদুর রহমান বাচ্চু।