ফিলিস্তিনের অন্যতম সুপরিচিত রাজনীতিবিদ, আলোচক সায়েব এরাকাত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ৬৫ বছরের এরাকাত জেরুজালেমের হাদাসা মেডিক্যাল সেন্টারে মারা যান। প্যালেস্টাইন লিবারেল অর্গানাইজেশনের (পিএলও) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এরাকাত ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা ছিলেন। ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় বিগত আড়াই দশক ধরে তিনি ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন। তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
গত ৮ অক্টোবর নিজের করোনা আক্রান্ত হওয়ার ঘোষণা দেন সায়েব এরাকাত। তার স্বাস্থ্যের অবনতি হলে ১১ দিন পর তাকে পশ্চিম তীরের জেরিকো শহরের বাসভবন থেকে একটি ইসরাইলি হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সকরা বলছেন, তিন বছর আগে সায়েব এরাকাতের ফুসফুস ট্রান্সপ্লান্ট হওয়ায় তার চিকিত্সা কঠিন হয়ে পড়ে। মৃত্যুর আগে তাকে ভেন্টিলেশনে রাখা হয় আর সেখানেই তিনি কোমায় চলে যান।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আমাদের প্রিয় ভাই ও বন্ধু এবং এক মহান যোদ্ধা ড. সায়েব এরাকাতের মৃত্যু ফিলিস্তিন এবং আমাদের জনগণের জন্য অপূরণীয় ক্ষতি।