ভিএনসিএস নিয়োগ পরীক্ষায় অনিয়মের ঘটনায় তদন্ত 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কর্মকর্তা নিয়োগ পরীক্ষার উত্তরপত্রে টেম্পারিংয়ের বিষয়টি খতিয়ে দেখবেন ঢাকা বিভাগীয় কমিশনারের তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার কমিটির আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ভিকারুননিসার গভর্নিং বডির চেয়ারম্যান এ কে এম মাসুদুজ্জামান তদন্তের বিষয়ে অধ্যক্ষকে চিঠি দিয়ে বিষয়টি অবগত করেন। 

চিঠিতে জানানো হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার খাতা মূল্যায়ন কার্যক্রমে সংঘটিত অনিয়মের বিষয়ে আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় তদন্ত কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে। সেসময়, নিয়োগ পরীক্ষার খাতা মূল্যায়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকলকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

অধ্যক্ষকে দেয়া চিঠিতে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (উন্নয়ন) মো. মাজহারুল ইসলাম, গভর্নিং বডির সদস্য এ বি এম মনিরুজ্জামান (অভিভাবক প্রতিনিধি), মুর্শিদা আখতার (অভিভাবক প্রতিনিধি), ওহেদুজ্জামান মন্টু (অভিভাবক প্রতিনিধি,) গোলাম বেনজীর (অভিভাবক প্রতিনিধি), অ্যাডভোকেট রীনা পারভিন (সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি) এবং অভিযুক্ত শিক্ষক ফাতেমা জোহরা হককে (শিক্ষক প্রতিনিধি) অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই নিয়োগ পরীক্ষার খাতা মূল্যায়নের সময় টেম্পারিংয়ের অভিযোগ তোলা হয়। অভিযোগে দুজন প্রার্থীর নম্বর বাড়িয়ে দেয়ার কথা উঠে আসে।
পরবর্তীতে, গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনারের প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম প্রমাণ পান যে পরীক্ষার বসা এক প্রার্থীর নম্বর বাড়িয়ে দিয়েছেন শিক্ষক প্রতিনিধি ফাতেমা জোহরা হক। তাই, পরের দিন গভর্নিং বডির সভায় পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাতিল করা হয়।

 

ইত্তেফাক/পিএস