বগুড়ায় নাশকতার পরিকল্পনাকালে একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্র শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০নভেম্বর) রাত ১১টার দিকে বগুড়া সদর থানা পুলিশ শহরের মালতিনগর শ্মশানঘাট এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-ছাত্র শিবিরের সাথী আসাদুল আল গালিফ(২৪),শিবিরের সদস্য শাহীন আলম (২৪), মালতিনগর উপশাখার সভাপতি মেহেদী হাসান (২৬),শিবিরের সাথী জিয়া আলম (২৫), মালতিনগর উপশাখার মাদরাসা বিষয়ক সম্পাদক ইউছুব আলী(২৬),শিবির কর্মী গোলাম মোর্তুজা (২৭), আব্দুল কুদ্দুস(২৫) ও ইউছুব আলী।
আরো পড়ুন: বাকস্বাধীনতা দমাতে আরো কঠোর এরদোয়ান
বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মালতিনগর শ্মশানঘাট এলাকায় তোতা মিয়ার বাড়িতে ছাত্রাবাসে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা সরকার উৎখাত ও রাষ্ট্র বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৭ জনকে পুলিশ গ্রেফতার করে।পরে ছাত্রাবাস তল্লাশি করে বিপুল সংখ্যক জিহাদি বই, ল্যাপটপ, কম্পিউটার,লাঠি ও লাঠির মাথায় কেরোসিন তেল মাখানো কিছু লাঠি, ২টি চাপাতি ও ২টি হাসুয়া উদ্ধার করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এএএম