মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিরসনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হাসপাতাল পরিদর্শনে এসে নানা অভিযোগ ও হাসপাতাল পরিচালনায় অব্যবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন এমপি। তিনি হাসপাতাল চত্বর অপরিষ্কার, টয়লেট তালাবদ্ধ ও নোংরা দেখে স্বাস্থ্য কর্মকর্তাকে এসব অব্যবস্থাপনার সম্পর্কে জানতে চান।
নানা অভিযোগের ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মেহেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং মেডিকেল অফিসারদের সঙ্গে তাৎক্ষনিক আলোচনা সভায় বসেন।
তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা একদিনেই সমাধান করা সম্ভব না। রাজনৈতিক নেতা, এলাকার লোকজন ও সাংবাদিকদের মাধ্যমে বিস্তর অভিযোগ পেয়েছি। আজকে আমরা সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি। আপনারা যারা হাসপাতাল ব্যবস্থাপনায় রয়েছেন, তারা বিষয়টি এড়িয়ে যেতে পারেন না।
চিকিৎসকদের উদ্দেশ করে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন বলেন, আপনাদের কাছে আমাদের চাহিদা ও প্রত্যাশা অনেক। সেবার ব্রত নিয়ে আপনারা ডাক্তার হয়েছেন। আপনাদের বাবা মায়ের কষ্টার্জিত অর্থে ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন। আপনারা গরীব অসহায় মানুষগুলোর সেবা করলে গাংনীতে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আগামী ১ সপ্তাহের মধ্যে সমস্যা চিহ্নিত করে সমাধান করবেন। আমি আগামী সপ্তাহে আবার হাসপাতালে আসব।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান
ইত্তেফাক/জেডএইচ