যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জনগণের সুখ-দুঃখ বুঝে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে। জনগণের উপর জুলুম, অত্যাচার এবং চাঁদাবাজি করে যুবলীগে জায়গা হবে না।
বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এরপর ধানমণ্ডিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে পরশ বলেন, যেকোনো মুহূর্তে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। যুবলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কমিটি জমা দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারী দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের যুবলীগে কোনো জায়গা হবে না।
অনুষ্ঠানে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজমুক্ত একটি সংগঠন গড়ে তোলাই যুবলীগের এখন চ্যালেঞ্জ।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে
এদিন বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ পঁচাত্তরের ১৫ অগাস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তারা। এ সময় শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন যুবলীগ চেয়ারম্যান। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশ-বিদেশের প্রতিটি ইউনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের প্রতিটি ইউনিট বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এছাড়াও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
ইত্তেফাক/আরআই