বিহারের নির্বাচনে জয় পেল বিজেপি জোট

বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে ১২৫টিতে জয় পেয়েছে বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যে সরকার গড়তে প্রয়োজনীয় ১২২ আসন নিশ্চিত হওয়ায় ফের বিহারের ক্ষমতায় আসছে এনডিএ জোট।

বিহারের এই নির্বাচনকে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মোদি প্রশাসনের নেওয়া পদক্ষেপের পরীক্ষা হিসেবে দেখছিল অনেক, সেই পরীক্ষায় ভালো নম্বরে পেয়ে পাশ করল এনডিএ জোট। নির্বাচনে জোটের বৃহত্তম শরিক হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। জয়ের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বিহারে ফের গণতন্ত্রের জয় হলো। বিহারের ভোটাররা বুঝিয়ে দিয়েছেন, উন্নয়নই তাদের একমাত্র অগ্রাধিকার।’ খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির। মহামারি শুরুর পর থেকে বিহারের এ ভোট ছিল ভারতের প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচন। তিন দফায় ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার ভোট গণনা করা হয়। বুথ-ফেরত জরিপে আঞ্চলিক রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতৃত্বাধীন জোট ‘মহাগঠবন্ধন’ বিজয়ী হতে পারে বলে আভাস দেওয়া হলেও তাদের পরাজিত করে এনডিএ। কিন্তু এনডিএ জোটের শরিক দল টানা ১৫ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা নীতিশ কুমারের জেডিইউ (ঐক্যবদ্ধ জনতা দল) মানুষের সমর্থন তেমন আদায় করতে পারেননি, বরং অপর শরিক দল বিজেপিই ভোটে এগিয়ে গেছে। বিজেপি ৭৪ আসনে জয় পেয়েছে আর জেডিইউ ৪৩ আসনে।