‘গ্রহের সেরা’ মুম্বাইয়ের পঞ্চম শিরোপা

স্পোর্টস রিপোর্টার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই কাজটা আগে কেবল করতে পেরেছিল চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় দল হিসেবে শিরোপা ধরে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তারা এক দিক থেকে চেন্নাইয়েরও অনেক ওপরে। মঙ্গলবার রাতে তারা জিতে নিল রেকর্ড পঞ্চম আইপিএল শিরোপা।

মুম্বাইয়ের এই ভয়ানক পারফরম্যান্স দেখে বিশেষজ্ঞ আকাশ চোপড়া বলেছেন, মুম্বাই এখন গ্রহের সেরা দল, ‘মুম্বাই ইন্ডিয়ান্স স্রেফ আইপিএলের সেরা দল নয়, এই গ্রহের সেরা দল। অন্যদের চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে। শিরোপা জয় করা কঠিন, শিরোপা ধরে রাখা আরো বেশি কঠিন। আইপিএলে মাত্র দ্বিতীয় দল হিসেবে এটি তারা করতে পারল।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আইপিএলের ত্রয়োদশ আসরের ফাইনালে মুম্বাই জিতেছে ৫ উইকেটে। শ্রেয়াস আইয়ার ও রিশাব পান্টের ফিফটিতে ১৫৬ রান করে দিল্লি। রোহিতের ফিফটিতে আট বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

লক্ষ্য তাড়ায় মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত ও ডি কক। চার ওভারেই দুজন তুলে ফেলেন ৪৫ রান। ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন মার্কাস স্টয়নিস। ১২ বলে তিন চার ও এক ছক্কায় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান করেন ২০ রান।

জয় থেকে ২০ রান দূরে থাকতে দ্বাদশ ফিল্ডার ললিত যাদবের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন মুম্বাই অধিনায়ক। ৫১ বলে পাঁচ চার ও চার ছক্কায় এই ডানহাতি ব্যাটসম্যান করেন ৬৮ রান। শেষ দিকে দলটি ২ উইকেট হারালেও সহজ জয় নিয়ে ফেরেন ইশান কিশান। ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা দিল্লির শুরুটা হয় ভীষণ বাজে। ২২ রানেই তারা হারায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে।

শুরুর সেই ধাক্কা তারা সামাল দেয় শ্রেয়াস ও পান্টের ব্যাটে। আসরে প্রথম ফিফটির দেখা পাওয়া পান্তকে থামিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন অস্ট্রেলিয়ান পেসার কোল্টার-নাইল। ৩৮ বলে চারটি চার ও দুই ছক্কায় তরুণ কিপার-ব্যাটসম্যান করেন ৫৬ রান।

প্রাথমিকভাবে এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয় দুই দফা। অনেক টানাপোড়েনের পর সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে দলগুলো থেকেছে জৈব-সুরক্ষা বলয়ে, সব ম্যাচই হয়েছে দর্শকশূন্য মাঠে।