রোহিতকে অধিনায়ক চান গম্ভীর

স্পোর্টস রিপোর্টার

কোহলির ব্যর্থতা ও রোহিত শর্মার সাফল্য এই দাবিটা তৈরি করেছে ভারতে। বলা হচ্ছে, রোহিতকে ভারতীয় দলের অধিনায়ক করা হোক। এই দাবি তুলেছেন এবার গৌতম গম্ভীরও।

আইপিএলে পাঁচটা শিরোপা জিতেছেন অধিনায়ক রোহিত। জাতীয় দলে কোহলির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ভারতকে ২০১৮ সালে নিদাহাস ট্রফি, ঐ বছরই এশিয়া কাপে শিরোপা এনে দিয়েছেন রোহিত। কোহলির নেতৃত্বে আট মৌসুমে  বেঙ্গালুরু ?একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আইপিএলে। জাতীয় দলেও অধিনায়ক হিসেবে মহাদেশীয় বা বৈশ্বিক কোনো শিরোপা পাননি অধিনায়ক কোহলি।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর একটি শোতে গম্ভীর তুলে ধরলেন এসব যুক্তিই, ‘রোহিত শর্মা যদি ভারতের অধিনায়ক না হয়, এটা তাদের ক্ষতি, রোহিতের নয়। হ্যাঁ, একজন অধিনায়ক অবশ্যই ততটা ভালো, যতটা ভালো তার দল। আমি পুরোপুরি একমত। কিন্তু বিচারের মাপকাঠি ও মানদণ্ড কি যে, কে ভালো অধিনায়ক, কে নয়? মাপকাঠি ও মানদণ্ড একই হওয়া উচিত। রোহিত তার দলকে পাঁচটি আইপিএল শিরোপা এনে দিয়েছে।’

গম্ভীরের মতে, অধিনায়ক হিসেবে রোহিতের নিজেকে প্রমাণের আর কিছু বাকি নেই, ‘আমরা সবসময় বলি যে, ধোনি ভারতের সফলতম অধিনায়ক, কেন? কারণ তিনি দুটি বিশ্বকাপ ও তিনটি আইপিএল জিতেছেন। রোহিত পাঁচটি আইপিএল ট্রফি জিতেছেন, টুর্নামেন্টের ইতিহাসে সফলতম অধিনায়ক। সামনে যদি সে ভারতের সাদা বলের অধিনায়ক না হয় বা স্রেফ টি-টোয়েন্টি অধিনায়ক, তাহলে তা হবে খুবই হতাশার।’