ফিরেছেন শেরেবাংলার কিউরেটর

স্পোর্টস রিপোর্টার

অবশেষে বাংলাদেশে ফিরেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। গতকাল সকালে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কান এই কিউরেটর। বিসিবির গ্রাউন্ডস বিভাগের ম্যানেজার আব্দুল বাতেন গতকাল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা পরীক্ষা ও আইসোলেশন শেষে কাজে যোগ দিবেন গামিনি। আশা করা হচ্ছে, বঙ্গবন্ধু টি-২০ কাপের শুরু থেকেই কাজ করবেন তিনি। 

তার অনুপস্থিতিতে করোনাকালে ছয় মাস কিউরেটরশূন্য ছিল হোম অব ক্রিকেট। গত মে মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় ফিরে যান গামিনি। তারপর আর ফিরেননি। কলম্বো থেকে ঢাকাগামী ফ্লাইট সংকটের কারণে তার ফিরতে বিলম্ব হয়েছে। গামিনি না থাকায় শেরেবাংলার তত্ত্বাবধান করেছেন গ্রাউন্ডসম্যানরা। পরে বিসিবি প্রেসিডেন্টস কাপের জন্য চট্টগ্রামের দুই কিউরেটর প্রাভীন হিনগানিকর ও জাহিদ রেজা বাবুকে উড়িয়ে আনে বিসিবি। তারাই টুর্নামেন্ট জুড়ে মাঠ পরিচালনা করেছেন।