স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলেও পাঁচ দলের স্পন্সরসহ নামগুলো চূড়ান্ত হয়েছে। সম্প্রচার স্বত্ব্বও বিক্রি হয়েছে। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট আজ অনুষ্ঠিত হবে। যেখানে পাঁচটি দল পছন্দের ক্রিকেটার বেছে নেবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে বেলা ১২টায় শুরু হবে প্লেয়ার্স ড্রাফট।
বিদেশি ক্রিকেটার না থাকায় দেশীয়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ড্রাফটে চার ক্যাটাগরিতে ১৫৭ ক্রিকেটারকে রাখা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ৬ লাখ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৪ লাখ টাকা পারিশ্রমিক পাবেন।
‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। তারা হলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। ‘বি’ ক্যাটাগরিতে ২১ জন, ‘সি’ ক্যাটাগরিতে ২৩ জন ও ‘ডি’ ক্যাটাগরিতে ১০৮ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন।
মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ফিটনেস টেস্ট পাশ করে ড্রাফটে নাম তুলেছেন। তাদের তিন জনকেই রাখা হয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে। যেখানে তাদের সঙ্গী যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য আকবর আলী, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু ও শামীম পাটোয়ারীরা। ফিটনেস টেস্টে পাশ না করায় নাসির হোসেন, সোহাগ গাজী, শুভাশীষ রায়দের নাম ওঠেনি ড্রাফটে।
প্রতি দল স্কোয়াডে ১৬ জন ক্রিকেটার রাখতে পারবে। যে কোনো ক্যাটাগরি থেকে ক্রিকেটার কেনা যাবে। এক জন খেলোয়াড়কে দলভুক্ত করার পর কোনোভাবেই তা বাতিল করা যাবে না। তবে ইনজুরির ক্ষেত্রে বিসিবির শর্ত মেনে খেলোয়াড় পরিবর্তন করা যাবে। কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে তার বদলি হিসেবে ড্রাফটে অবিক্রীত ক্রিকেটারদের নিতে হবে। বঙ্গবন্ধু টি-২০ কাপের পাঁচ দল হচ্ছে—ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আজকে (গতকাল) আমরা ফিটনেস টেস্ট শেষ করেছি। সবার ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে। কিছু কিছু খেলোয়াড়ের ফিটনেস খুব খারাপ গেছে। প্রায় ৯৮ ভাগ খেলোয়াড়ই ভালো মানে আছে। আমি আশা করছি, খেলোয়াড়রা ফিটনেসে উন্নতি অব্যাহত রাখবে। মাশরাফির একটা ইনজুরি কনসার্ন আছে। ওর হ্যামস্ট্রিং ইনজুরি। আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহে ও ফিট হবে। যে কোনো দল চাইলে তখন ওকে দেওয়া যাবে। আশা করি ও দ্রুত খেলায় ফিরবে।’