ব্রাভোকে ছাড়িয়ে পোলার্ডের রেকর্ড

দুজনই ক্যারিবিয়ান, দীর্ঘদিন ধরে দুজনই টি-টোয়েন্টি ক্রিকেটের যাযাবর। দলীয় সাফল্যেও এত দিন দুজন ছিলেন পাশাপাশি। সেখানে এবার ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে গেলেন কাইরন পোলার্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ট্রফি জয়ের স্বাদ পাওয়া ক্রিকেটার এখন পোলার্ড। ১৪টি শিরোপা নিয়ে এত দিন পোলার্ড ও ব্রাভো যৌথভাবে ছিলেন এই রেকর্ডের চূড়ায়। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল জয়ে পোলার্ড এককভাবে উঠে গেছেন শীর্ষে। রেকর্ড নিজের করে নেওয়ার পর মজা করে ব্রাভোকে খোঁচা দিতে ভোলেননি পোলার্ড, ‘ডোয়াইন ব্রাভো, তুমি এখন আমার পেছনে, আমি তোমার আগে। ক্যামেরার সামনে এটি আমাকে বলতেই হতো!’ ব্রাভো অবশ্য পালটা খুনসুটি না করে টুইটারে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানালেন শুধু, ‘আরেকটি শিরোপা জয়ের জন্য আমার সবচেয়ে প্রিয় বন্ধু কাইরন পোলার্ডকে অভিনন্দন।’