ম্যানচেস্টারে সুখী নন পগবা!

ম্যানচেস্টার ইউনাইটেডে পল পগবার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। যথেষ্ট খেলার সময় পাচ্ছেন না, বেশির ভাগ ম্যাচে নামতে হচ্ছে বদলি হয়ে। সব মিলে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে ফরাসি এই মিডফিল্ডার সুখী নয় বলে মনে করেন ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ে দেশম। ফ্রান্সের আসন্ন তিন ম্যাচের স্কোয়াডে আছে পগবা। ফিনল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের পর উয়েফা নেশন্স লিগে পর্তুগাল ও সুইডেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে সোমবার সংবাদ সম্মেলনে ইউনাইটেডে পগবার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন দেশম, ‘সে ক্লাবে এমন এক অবস্থায় আছে, যেখানে সে সুখী হতে পারছে না। সে খেলার যথেষ্ট সময়ও পাচ্ছে না, তার প্রিয় পজিশনও পাচ্ছে না।’