আব্দুল্লাহপুরে পাউবোর জমিতে ফের অবৈধ দোকান

পুলিশের সহযোগিতা চেয়ে থানায় জিডি

নিলয় মামুন

আব্দুল্লাহপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া জমি অবৈধভাবে দখল করে দোকান তোলা হয়েছে। খাবার হোটেল ও চায়ের দোকান তুলে নিয়মিত সেখান থেকে ভাড়া আদায় করছে প্রভাবশালী একটি চক্র। সরকারি জমি দখলমুক্ত করতে উত্তরা পশ্চিম থানায় জিডি করেছে পাউবো। জানা যায়, ঢাকা-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধ স্থাপনা তোলা হয়। ২০১৯ সালে পানি উন্নয়ন বোর্ড অভিযান চালিয়ে প্রায় ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পর কাঁটাতারের বেড়া দেয়। বর্তমানে সেই বেড়া কেটে প্রবেশ করে সেখানে অবৈধ দোকান তোলা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁটাতারের বেড়ার ভেতরে বড় একটি সাইনবোর্ডে লেখা এটি পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কিন্তু এর কিছুদূর সামনে ত্রিপল দিয়ে একটি খাবার হোটেল তোলা হয়েছে। যেখানে নিয়মিত দোকান চালু রয়েছে। জানা যায়, শফিক মিয়া নামে এক ব্যক্তি সেখানে হোটেল তুলেছেন। তিনি বলেন, এখানে নিয়মিত ভাড়া দিয়ে তিনি দোকান পরিচালনা করেন। কাদের তিনি ভাড়া দেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলতে অস্বীকৃতি জানান। এর পাশেই দুটি চায়ের দোকান রয়েছে। এর মালিকরাও একই কথা বলেন।

এদিকে অবৈধ স্থাপনার বিষয়ে ব্যবস্থা নিতে উত্তরা পশ্চিম থানায় জিডি করেছে পানি উন্নয়ন বোর্ড। জিডিতে উল্লেখ করা হয়, ‘কাঁটাতারের বেড়া কেটে একটি দখলদার চক্র সরকারি জমি আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত আছে। উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করলে কেউ নাম-ঠিকানা বলেনি। ইতিপূর্বে পুলিশের সহযোগিতায় এ জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অবস্থায় সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান শেলী ইত্তেফাককে বলেন, ‘আমরা এক বার পুলিশের সহযোগিতায় এখানে উচ্ছেদ চালিয়েছি। এখন আবারও উচ্ছেদ চালানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। চলতি মাসের ১৪ তারিখের ভেতর আমরা উচ্ছেদ পরিচালনা করব। ইতিমধ্যে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে জিডিও করেছি। আমরা উচ্ছেদ করতে পারি। কিন্তু অবৈধ দখলদারদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারি না। এটি চাইলে পুলিশ নিতে পারে।’