দুর্নীতির মামলায় ১৩
বছরের সাজা
ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মো. সেলিমের ১৩ বছরের সাজা সংক্রান্ত দুর্নীতির মামলার নথি তলব করেছে হাইকোর্ট। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ঐ নথি উচ্চ আদালতে পাঠাতে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারককে নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও হাজি সেলিমের পক্ষে সাঈদ আহমেদ রাজা উপস্থিত ছিলেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল হাজি সেলিমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। ঐ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট বিশেষ আদালতের সাজা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। ঐ আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করে হাজি সেলিমের আপিল পুনঃশুনানির জন্য পক্ষদ্বয়কে নির্দেশ দেয়। প্রায় পাঁচ বছর পর ঐ আপিলের পুনঃশুনানির উদ্যোগ নিলো দুদক।