পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত দেশপ্রেমী যুবরাই বাংলার সংশয়-সংকটে ছিনিয়ে এনেছে উজ্জ্বল আলোর দিশা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের বড় অংশ ছিল তরুণ-যুবসমাজ। এজন্য যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই বঙ্গবন্ধুর ত্যাগ ও আদর্শের নীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও নীতি নিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। যুবলীগের দীর্ঘ ঐতিহ্য ও গৌরব ধারণ করে সততা ও আদর্শ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলতে হবে।
বুধবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: ‘চ’ ইউনিট বাতিল নয়, বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে: ঢাবি ভিসি
নড়িয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক উজ্জল মীর মালতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক, আওয়ামী লীগ নেতা এনায়েত উল্যাহ মুন্সী, জহির সিকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক মাল, বাদশা শেখ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভিপি চুন্নু প্রমুখ।
তিনি আরও বলেন, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। যুবলীগের যে ঐতিহ্য ও অবদান রয়েছে, সেটা প্রতিটি যুবলীগের নেতা-কর্মীর মনে রাখতে হবে। যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে এমনভাবে আচরণ করা উচিত যাতে এ সংগঠন একটা মর্যাদাপূর্ণ হয় এবং দেশ ও জাতির কাছে আস্থা অর্জন করে চলতে পারে। কারণ জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, ‘যুব সমাজ আমাদের ভবিষ্যৎ’।
এর আগে নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির সম্মেলনে যোগ দেন উপমন্ত্রী এনামুল হক শামীম।
ইত্তেফাক/এএএম