দিনাজপুর পৌরসভা নির্বাচন
মো. মতিউর রহমান, স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিন ক্ষণ ঠিক না হলেও দিনাজপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ। তবে ভোটারদের চেয়ে এখন অধিকাংশ সম্ভাব্য প্রার্থীই গুরুত্ব দিচ্ছেন দলীয় মনোনয়নকে। জানা গেছে, আগামী ডিসেম্বর মাসেই দিনাজপুরসহ দেশের ২৩৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে—নির্বাচন কমিশনের এমন আভাসে দিনাজপুর পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা শুরু করে দিয়েছেন বিভিন্ন তত্পরতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আর শহরের বিভিন্ন মোড় ও রাস্তায় নিজ নিজ দলীয় প্রধান এবং নিজের ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার টাঙিয়ে দিয়েছে দলীয় অনেক সম্ভাব্য প্রার্থী।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে যারা যোগাযোগ করছেন তাদের মধ্যে রয়েছেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি তৈয়বউদ্দীন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মিজানুর রহমান পাটোয়ারী বাবু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়সল হাবিব সুমন, বর্তমান প্যানেল মেয়র আবু তৈয়ব দুলাল ও বর্তমান কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ। অপরদিকে বিএনপির মনোনয়ন লাভে যারা চেষ্টা চালাচ্ছেন তারা হলেন—বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদসহ আরো বেশ কয়েক জন।
দিনাজপুর জেলা জাতীয় পার্টি আসন্ন দিনাজপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে এরই মধ্যে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেলের নাম ঘোষণা করেছে বলে জানা গেছে। এছাড়াও মেয়র পদে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা হলেন—সাবেক মেয়র সফিকুল হক ছুটু, সাবেক প্যানেল মেয়র আলতাফ হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ আরো বেশ কয়েক জনের। দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল জানান, বিচার-বিশ্লেষণ করেই প্রার্থী মনোনয়নের জন্য সুপারিশ করা হবে। তবে কেন্দ্রীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, তাকে জয়ী করার জন্যই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু জানান, দিনাজপুর পৌরসভার নির্বাচন প্রসঙ্গে দলীয়ভাবে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে ইউনিটগুলোর মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনয়নের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে। কেন্দ্র যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই কাজ করবে আওয়ামী লীগ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল জানান, দলের মনোনয়ন চূড়ান্ত করবেন কেন্দ্রীয় নির্বাচনি বোর্ড। তাই কেন্দ্রীয় নির্বাচনি বোর্ড যাকেই মনোনয়ন দেবেন তাকেই জয়লাভ করার জন্য বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।