স্টাফ রিপোর্টার, রংপুর
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের চূড়ান্ত ক্যাডেট বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিএনসিসি ক্যাডেট বাছাই অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে থেকে ৪০ জনকে বিএনসিসি ক্যাডেট নির্বাচন করা হয়। বেরোবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসির নির্দেশনা ও তত্ত্বাবধানে ক্যাডেট বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও বেরোবি বিএনসিসির পিইউও মো. ফায়সাল-ই-আলম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও বেরোবি বিএনসিসির পিইউও ইফফাত আরা বাঁধন, ভিসির একান্ত সচিব (উপরেজিস্ট্রার, একাডেমিক) মো. আমিনুর রহমান, বেরোবির ক্যাডেট কর্পোরাল মো. আসাদুজ্জামান আবীর, ক্যাডেট সার্জেন্ট মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।